২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কৃষিতে সরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই’

কৃষিখাতের সামগ্রিক উন্নয়নে এ খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাতের সামগ্রিক উন্নয়নে এ খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বুধবার সকালে রাজধানীতে এক কর্মশালায় তিনি এ অভিমত দেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ঢাকার ব্র্যাক সেন্টারে ‘ডেভেলপমেন্টস ইন টিন্যান্সি অ্যান্ড ক্রেডিট মার্কেট ইন বাংলাদেশ: ইমপ্লিকেশন্স ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসিস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর বলেন, শুধুমাত্র সুষ্ঠু বাজারজাতকরণের অভাবেই বছরে ৩০ শতাংশ কৃষিপণ্য নষ্ট হয়। ভালো দাম পেতে হলে ভালো মার্কেটিং প্রয়োজন। কৃষক যে ন্যায্যমূল্য পায় না এর অন্যতম কারণ এটি। ভালো মার্কেটিং নিশ্চিত করতে পারলে দালাল, ফড়িয়াদের দৌরাত্ম্যও কমে আসবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুব হোসেন কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ করা তথ্যে ‘অসঙ্গতি’ রয়েছে উল্লেখ করে বলেন, অধিকাংশ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান আর খাদ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের মধ্যে মিল পাওয়া যায় না। সঠিক পরিসংখ্যানের জন্য একটি নিরপেক্ষ উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সুপারিশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, “তাহলেই পলিটিক্যাল বায়াসনেস থেকে স্ট্যাটিসটিক্যাল বায়াসনেস হওয়ার সম্ভাবনা কমে যাবে।” এছাড়া উৎপাদন বাড়াতে সমবায়ভিত্তিক কৃষির পরামর্শ দিয়ে তিনি বলেন, ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকারি উদ্যোগে একটা ‘ল্যান্ড ব্যাংক’ গঠন করা যায় কি না সেটাও ভেবে দেখা যেতে পারে। কর্মশালায় কৃষিসচিব মনজুর হোসেন কৃষিতে খাদ্যশস্যের বাইরে মাছচাষ এবং গবাদিপশু পালনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “বিশেষত লাইভস্টকে আমাদের যথেষ্ট ঘাটতি আছে।” আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর মহাপরিচালক ড. এম কে মুজেরি এবং গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/১৯১৬ ঘ.