২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস খাতে লক্ষ্যমাত্রা অর্জনে সম্মেলন শুরু

ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) সম্মেলন শুরু হয়েছে। বুধবার দুই দিনব্যাপি এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সঠিকভাবে দায়িত্ব পালন করে সরকারের লক্ষ্য অর্জনে সহায়তা করতে মৎস্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আগামী ২০১৫ সালের মধ্যে মৎস্য খাতে রপ্তানি আয় ১০০ কোটি মার্কিন ডলার এবং মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৩৬ গ্রাম থেকে বাড়িয়ে ৫৬ গ্রামে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। মন্ত্রী বলেন, দেশের প্রাণীজ আমিষের প্রায় ৬০ ভাগের যোগান আসে মৎস্য খাত থেকে। জাতীয় আয়ের চার দশমিক ৪৩ শতাংশ এবং অর্জিত বৈদেশিক মুদ্রার দুই দশমিক ৭৩ শতাংশ আসে এ খাতের অবদান থেকে। মৎস্যখাতের বিভিন্ন সমস্যা এবং সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী লতিফ বিশ্বাস বলেন, অচিরেই এ খাতের জনবল সংকট দূর করতে একটি নতুন জনবল কাঠামো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের আগে পর্যন্ত সীমিত জনবল দিয়েই সব দায়িত্ব পালন করতে হবে। এবারের মৎস্য কর্মকর্তা সম্মেলনের অন্য লক্ষ্যগুলো হচ্ছে, মাছের উৎপাদন হেক্টরপ্রতি দুই দশমিক ৫০ মেট্রিক টন থেকে চার টনে উন্নীত করা এবং এ খাতে মহিলাদের অংশগ্রহণ ২৫ শতাংশ করা। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই, সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এবং যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫২৪ ঘ.