২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশুদের ওপর যৌন নিপীড়ন নিয়ে মুখ খুলতে হবে’

শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনাগুলো চেপে না রেখে তা নিয়ে সরব হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনাগুলো চেপে না রেখে তা নিয়ে সরব হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এই তাগিদ দেন। ছয়টি বিভাগীয় শহরে শিশুদের প্রতি যৌন নির্যাতন ও নিপীড়ন কমিয়ে আনার লক্ষ্যে ‘ইমপ্রুভিং চাইল্ড প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় সেইভ দি চিলড্রেন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, ব্রেকিং দ্যা সাইলেন্স এবং ইনসিডিন বাংলাদেশ মাঠ পর্যায়ে এ প্রকল্পর বাস্তবায়ন করবে। প্রকল্পের মাধ্যমে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের ১৬ জেলার ১২৯টি কমিউনিটিতে আনুমানিক ৪০ হাজার শিশু ও তাদের পরিবারকে সামাজিক সহায়তা দেয়া হবে। অনুষ্ঠানে সেইভ দি চিলড্রেন’র আবাসিক পরিচালক মাইকেল ম্যাকগ্রাথ শিশুদের যৌন নির্যাতনকে ‘বৈশ্বিক সমস্যা’ উল্লেখ করে বলেন, “সমস্যাটি ভয়ানক হলেও আমরা কেউই এ বিষয়ে তেমন কিছু বলতে চাই না। অভিভাবকরাও বিষয়টিকে তেমন গুরুত্বের সঙ্গে নেন না। তাই শিশুদের জন্য বিষয়টি আরো ভয়ানক হয়ে ওঠে।” জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীও তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমরা যখন এরকম কোনো কেস পাই, তখন সেটা আদালত পর্যন্ত নেয়াটাই কঠিন হয়ে পড়ে। সম্মানহানির ভয়ে কেউ কথাই বলতে চান না।” এই ‘নীরবতা’ দূর করতে সবাইকে সচেতন করার ওপার জোর দিয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই শিশু। তাই সমস্যাটি কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ।” অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, শিশুরা যাতে নির্যাতনের শিকার না হয় তার জন্য স্কুল-কলেজের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজপতিদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ১৯৭৪ সালের শিশু আইন যুগোপযোগী করার জন্য মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/০০০৭ ঘ.