সাভার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলায় ক্রিকেট বল ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- গ্রামের খলিলুর রহমানের ছেলে পারভেজ (৭) ও রাহুল (২) এবং খলিলুরের ভগ্নিপতি ইসরাফিল (২৬)। এদের মধ্যে পারভেজকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভেজ সকালে বাড়ির সামনে টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল পড়ে থাকতে দেখে। সে ক্রিকেট বল ভেবে বাড়িতে নিয়ে এসে খেলতে থাকে।
এক পর্যায়ে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনজন আহত হয়। অন্য ককটেলটি স্থানীয়রা পাশের পুকুরে ফেলে দেয়।
পরে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভিটা থেকে টেপ দিয়ে মোড়ানো আরো দুটি ককটেল উদ্ধার করা হয় বলে জানান এসআই।
ডাকাতরা ডাকাতি শেষে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল ওই স্থানে লুকিয়ে রাখতে পারে বলে পুলিশের ধারণা।
তবে সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই ককটেলগুলো সেখানে লুকিয়ে রেখেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৩১ ঘ.
bdnews24