২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিদ্ধান্ত ঠিক করে জরিপ চালায় টিআইবি’

ফলাফল ঠিক করে তারপরই সংসদ সদস্যদের আচরণ নিয়ে টিআইবি জরিপ চালিয়েছিল বলে মনে করছে তথ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলাফল ঠিক করে তারপরই সংসদ সদস্যদের আচরণ নিয়ে টিআইবি জরিপ চালিয়েছিল বলে মনে করছে তথ্য মন্ত্রণালয়। নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা নিয়ে চালানো ওই গবেষণা স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে হয়নি বলেও দাবি করেছে মন্ত্রণালয়। গত ১৪ অক্টোবর প্রকাশিত টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে দুর্নীতিবিরোধী সংগঠনটির দেয়া ৩১টি প্রশ্নের উত্তর মঙ্গলবার পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তা বিশ্লেষণ করে তথ্য মন্ত্রণালয় নিজেদের মত প্রকাশ করেছে। আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে এই বিষয়ে মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ওই প্রতিবেদন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে তথ্য মন্ত্রণালয় ওই প্রতিবেদনের বিষয়ে ৩১টি প্রশ্নের উত্তর জানাতে বলে। টিআইবিও লিখিতভাবে ওই প্রশ্নগুলোর উত্তর দেয়। প্রশ্নের উত্তর পাঠানোর জন্য টিআইবিকে ধন্যবাদ জানালেও মন্ত্রণালয় বলেছে, অনেক প্রশ্নেরই যথাযথ উত্তর দেয়া হয়নি। কোনো কোনো প্রশ্ন এড়িয়েও যাওয়া হয়েছে। “গবেষণাটি একটি নেতিবাচক ধারণাকে প্রতিষ্ঠিত ভেবে, ইচ্ছা মতো উত্তরদাতা নির্বাচন করে, সুনির্দিষ্ট নেতিবাচক নির্দেশক প্রশ্নমালার অধীনে পরিচালিত করে, একটি সুনির্দিষ্ট নেতিবাচক লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে।” দেশের অর্ধেক সংসদীয় আসনের সদস্যদের ওপর ‘গবেষণা’ চালিয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্যদের ৯৭ শতাংশই বিভিন্ন ‘নেতিবাচক কর্মকাণ্ডে’ জড়িত। প্রতিবেদন তৈরির ক্ষেত্রে করা গবেষণার স্বীকৃত পদ্ধতি অনুসরণ করা হয়নি বলেও মন্ত্রণালয় মত জানিয়েছে। “গবেষণায় সমস্যার ধারণায়ন থেকে শুরু করে উপাত্ত বিশ্লেষণ পর্যন্ত পর্যায়ক্রমিক ধাপগুলো গবেষণা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়নি।” “সঠিক উপাত্ত পাওয়া এবং এর মাধ্যমে যথাযথ সাধারণীকরণের (জেনারাইলাজেশন) জন্য যে ধরনের নমুনা পদ্ধতি সচরাচর ব্যবহৃত হয়, তা না করে সুবিধাজনক নমুনায়ন ব্যবহার করা হয়েছে, যা প্রতিনিধিত্বশীল ফলাফল উৎপাদন করে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১১৩ ঘ.