ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি য়ুন-ইয়াং।
মঙ্গলবার পূর্বাণী হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেটিং এজেন্সি (কোইকা) এবং কোইকা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে আলোচনায় এই আশা প্রকাশ করেন তিনি।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে অনুসরণ করতে পারে।
ঢাকায় কোইকার প্রতিনিধি কিম বক-হি বলেন, দক্ষিণ কোরিয়া ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে উন্নয়ন সহযোহিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।
সেমিনারে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুশতাক বলেন, উন্নয়ঢনের ক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতা কাজে লাগালে বাংলাদেশই উপকৃত হবে।
কৃষি সচিব মনজুর হোসেনও বলেন, অর্থনীতির ক্ষেত্রে দ্রুত অগ্রগতির স্বাক্ষর রাখা কোরিয়াকে বাংলাদেশ উদাহরণ হিসেবে নিতে পারে।
কোইকা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব আতাউল হক, ঢাকায় কোইকা মিশনের উপপ্রধান ওয়ান কিয়ু পার্কও সেমিনারে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২৩৪০ ঘ.
bdnews24