ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘র্যাব হেফাজতে থাকা’ এক যুবককে আদালতে হাজিরে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
অপহৃত ওই যুবকের নাম মো. ইমাম হাসান বাদল। ইমামকে উদ্ধারের পর র্যাব ঘুষ দাবি করে অভিযোগ তুলে তাকে ফেরত চেয়ে সোমবার এই আবেদন করা হয়।
ওই আবেদনে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ রুল জারি করে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ কমিশনার, র্যাব-২ এর আগারগাঁও কমিউনিটি সেন্টারের কমান্ডিং কর্মকর্তা, ওই কেন্দ্রের উপ-পরিদর্শক রাজু আহমেদ, তেজগাঁও ও শেরে বাংলা নগর থানার ওসিকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইমামের বাবা রুহুল আমিন ও মানবাধিকার সংগঠন ‘অধিকারের’ পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান আবেদনে বলেন, “গত ৫ মার্চ ফার্মগেটের আনোয়ারা পার্কের সামনে থেকে ইমাম অপহৃত হয়। তাকে উদ্ধারের পর র্যাব ঘুষ দাবি করেছিল।”
এই সংক্রান্ত বিস্তারিত বিবরণও হাই কোর্টে করা আাবেদনে উল্লেখ রয়েছে।
শাটার ও গ্রিল কারখানার শ্রমিক ইমাম তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় থাকতেন। তিনি পঞ্চগড় সদরের খালপাড়ার দক্ষিণ রাজপাড়া নতুন বস্তির মো. রুহুল আমিনের ছেলে। তার বাবা কলা বিক্রেতা।
রিট আবেদনে বলা হয়, “৫ মার্চ অপহরণের বিষয়টি র্যাব-২ কে জানানোর একদিন পর ‘র্যাবের’ কর্মকর্তা পরিচয় দিয়ে জানানো হয়- বাবুল ও জাহিদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি ইমামকে উদ্ধার করা হয়েছে। সন্তানকে ফিরে পেতে এক লাখ টাকা নিয়ে ঢাকা আসারও নির্দেশনা দেন ওই কর্মকর্তা।’
পরে তেজগাঁও থানা, তেজগাঁও জোনের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় ঘুরে ১৩ মার্চ র্যাব কার্যালয়ে উপ-পরিদর্শক রাজু আহমেদ নামে এক কর্মকর্তার সঙ্গে দেখা করার কথা জানান রুহুল আমিন।
“সন্তানকে ফিরে পাওয়ার জন্য ঘুষ হিসাবে ৪০ হাজার টাকা দেয়া হয়েছিল, যা র্যাবের পোশাক পরা অবস্থায় রাজু গ্রহণ করেন,” বলা হয় রিট আবেদনে।
‘টাকা পরিশোধের’ পর স্ত্রী মিনারাকে নিয়ে ১৩, ১৪, ১৫ ও ১৬ মার্চ র্যাব-২ এর কার্যালয়ে সন্তানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন বলে দাবি করেন রুহুল। “তবে ইমামকে ছেড়ে দেয়া হয়নি।”
এরপর মানবাধিকার কমিশনসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের পর র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম শান্তর ফোন পেয়ে রংপুর জেলা র্যাব ক্যাম্পে এক কর্মকর্তার সঙ্গে দেখা করেন রুহুল। সেখানে ‘ঘুষ গ্রহণকারী’ র্যাব কর্মকর্তাসহ আরো দুই কর্মকর্তাকে সনাক্ত করা হয়েছিল বলেও রিট আবেদনে বলা হয়।
সর্বশেষ অক্টোবর মাসে র্যাবের পক্ষ থেকে ইমামকে হস্তান্তরের আশ্বাস মিললেও এখনো তাকে ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ করেন রুহুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০১৬ ঘ.
bdnews24