গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুরে এসিআইয়ের একটি প্রতিষ্ঠানসহ তিনটি শিল্পকারখানাকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানা তিনটির মধ্যে ইটিপি না থাকায় কালিয়াকৈরের সফিপুরের আর এল ইয়ার্ন ডাইং লিমিটেডকে ১৯ লাখ ৯৬ হাজার টাকা, ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার জন্য টঙ্গীর মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া শ্রীপুরের গজারিয়া এলাকার এসিআই ফরমুলেশন লিমিটেডকে জরিমানা করা হয়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার এ জরিমানা করেন।
মুনীর চৌধুরী বলেন, “গাজীপুরের পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার স্বার্থে উদ্যোক্তাদের জরিমানার পাশাপাশি কারিগরি ও নৈতিক পরামর্শ এবং দিক নির্দেশনা দেয়া হচ্ছে। জনস্বার্থে পরিবেশ দূষণ অবশ্যই বন্ধ করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০৪ ঘ.
bdnews24