লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলশিশু পরাগ মণ্ডলকে মুক্তিপণ দিয়েই ছাড়িয়ে আনা হয়েছে বলে র্যাব তাদের বক্তব্যে অটল থাকলেও তা নাকচ করছে পুলিশ।
মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আঁটি বাজার থেকে পরাগকে উদ্ধারের পর র্যাবের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৫০ লাখ টাকা মুক্তিপণের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ তা এড়িয়ে যায়।
বুধবার পুলিশ কর্মকর্তারা মুক্তিপণের বিষয়টি নাকচ করলেও র্যাবের মুখপাত্র বলছেন, মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়িয়ে আনার প্রমাণও তাদের কাছে রয়েছে।
মা-বোনকে গুলি করে রোববার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায় ব্যবসায়ী বিমল মণ্ডলের ছেলে পরাগকে, যে ওই এলাকার একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।
অপহরণের তিন দিন বাদে উদ্ধারের পর ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণকারীরা ছেড়ে দিয়ে তারা পরাগকে রাস্তার ধার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
তখন র্যাবের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়ানো হয়। পরাগকে জীবিত উদ্ধারের ওপর জোর দেয়ার কারণে মুক্তিপণের বিষয়টি প্রাধান্য পায়।
তবে পরাগের বাবা বিমল মুক্তিপণের বিষয়টি অস্বীকার করে বুধবার স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, “মুক্তিপণের টাকা দিলে আমি তো অন্তত জানতাম।”
উদ্ধারের পর শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিপণের বিষয়ে র্যাবের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম এইচ নুরুজ্জামান সরাসরি তা নাকচ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিপণ দিয়ে পরাগকে উদ্ধারের বিষয়টি পুরোপুরি মিথ্যা। এর বিন্দুমাত্র সত্যতা নেই।”
“যারা এই কথা (মুক্তিপণের বিষয়টি) বলেছেন, তারা কী পরিস্থিতে বলেছেন, তা জানা দরকার। অনেক ক্ষেত্রে অপহৃতকে উদ্ধারের কৌশল হিসাবে মোবাইল ফোনে অপহরণকারীদের মুক্তিপণের প্রস্তাব অপহৃতের পরিবারকে মেনে নেয়ার জন্য বলা হয়। এরপর তার সূত্র ধরেই অভিযান চালানো হয়।”
তবে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বুধবার রাতেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা আগের অবস্থানে আছেন।
“তথ্য-প্রমাণের ভিত্তিতেই আমরা মুক্তিপণ দিয়ে পরাগকে উদ্ধারের কথা বলেছি। এটা আরো পরিষ্কার হবে অপহরণের সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হওয়ার পর,” যোগ করেন তিনি।
র্যাব কর্মকর্তারা বলছেন, অপহৃত পরাগকে উদ্ধারের জন্য অর্থ লেনদেনের সময় র্যাব সদস্যরাও ঘটনাস্থলে ছিল।
র্যাবের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু পরাগকে সুস্থভাবে উদ্ধারই ছিল মূল উদ্দেশ্য, যে কারণেই মুক্তিপণ দিয়েই শিশুটিকে ছাড়িয়ে আনা হয়।
“টাকা না দিয়ে উদ্ধারের চেষ্টায় শিশুটির কোনো ক্ষতি হলে এর দায়িত্ব কে নিত? তখন প্রশ্ন উঠত- ‘টাকাটাই বড় হল’।”
তিনি বলেন, মুক্তিপণ দিয়ে অপহৃতকে উদ্ধারের ঘটনা উন্নত বিশ্বেও ঘটে। শিশুটি নিরাপদে উদ্ধার হয়েছে, এখন অপরাধীদের ধরতে হবে।
এম সোহায়েল বুধবার রাতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরাগকে উদ্ধারের পর এখন আমরা অপরাধীদের ধরতে অভিযানে নেমেছি।”
তবে র্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে ২ কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল পরাগের অপহরণকারীরা, এরপর এক কোটি টাকায় নামে, শেষে ৫০ লাখ টাকায় রফা হয়।”
মুক্তিপণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যও পুলিশের মতোই- “এতে কোনো লেনদেন হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই।”
মুক্তিপণ দেয়ার খবরটি ‘বস্তুনিষ্ঠ’ নয় বললেও মন্ত্রী একইসঙ্গে বলেন, “আমাদের দায়িত্ব ছিল শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা। আমরা কৌশল অবলম্বন করে তা করতে পেরেছি। যে কোনো শর্তেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”
পরাগকে উদ্ধারের সময় পর্যন্ত অপহরণকারী কাউকে গ্রেপ্তার করতে না পারলেও বুধবার রাতে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
কী কারণে পরাগকে অপহরণ করা হয়, সে বিষয়েও তার পরিবারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ কিছু বলেনি।
পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল বলেন, “কারো সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নেই। জমি নিয়ে ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে।”
অবশ্য নজরুল নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পরাগকে অপহরণ করা হয়েছে বলে এলাকার অনেকেই মনে করেন।
বিএনপি নেতা ও ওই এলাকার সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার সাংবাদিকদের বলেছিলেন, স্থানীয় ক্ষমতাধর ‘ভূমিদস্যুরা’ পরাগের বাবার সম্পত্তি দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১৪৬ ঘ.
bdnews24