জয়পুরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা এবং এক কনস্টেবলের শরীরে আগুন দেয়ার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের ৫৩ কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার হামিদুল আলম সাংবাদিকদের জানান, সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
এর মধ্যে সদর থেকে ৩৪ জন, পাঁচবিবিতে সাত জন, কালাইয়ে ছয় জন, ক্ষেতলালে তিন জন ও আক্কেলপুর থানা এলাকা থেকে তিন জনকে আটক করা হয়।
তবে ‘তদন্তের স্বার্থে’ তাদের সবার নাম-পরিচয় প্রকাশ করেননি হামিদুল আলম।
তিনি বলেন, শবির কর্মীদের হামলার শিকার পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা এখন আশঙ্কামুক্ত। তিনি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরেই সহিংসহ আন্দোলন চালিয়ে আসছে জামায়াত-শিবিরের কর্মীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের কমসূচি থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।
এ ধরনের এক কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিবিরকর্মী বদিউজ্জামান শনিবার মারা গেলে সোমবার জয়পুরহাটে সকাল-সন্ধ্যা ডাকে ইসলামী ছাত্রশিবির।
হরতাল চলাকালে বিকালে শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হিচমী এলাকায় শিবিরকর্মীরা পুলিশ সদস্য গোলাম মোস্তফাকে বেদম পিটুনি দেয় এবং তার গায়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ও পরে বগুড়ায় স্থানান্তর করা হয়।
অবশ্য জামায়াতের জেলা আমির ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেছেন, আগুন দেয়ার ঘটনায় তার দলের কেউ জড়িত নয়।
এর আগে গত ৫ নভেম্বর বিকালেও জামায়াত-শিবির কর্মীরা জেলা শহরে লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১২ ঘ.
bdnews24