ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে উপকূলীয় এবং সামুদ্রিক নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে দেশ দুটির যৌথ বাণিজ্য কমিশন (জেটিসি)।
এজন্য খুব শিগগিরই দেশ দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) হবে, যার খসড়া তৈরি করে দেয়া হয়েছে প্রতিবেশী দেশটিকে।
মিয়ানমারের দিক থেকে ইতিবাচক সাড়া পেলে নৌপরিবহন মন্ত্রণালয় সমঝোতা স্মারক সই করবে বলে জানিয়েছেন জেটিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।
ঢাকার হোটেল পূর্বাণীতে সোমবার শেষ হওয়া দুই দিনের ‘বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি)’ বৈঠকে নৌ যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হয়।
বৈঠকে আরো চারটি চুক্তি স্বাক্ষরসহ মোট ছয়টি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে নৌ ও উপকূলীয় যোগাযোগ গড়ে তুলতে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অন কোস্টাল অ্যান্ড মেরিটাইম শিপিং’ এবং ‘অ্যাগ্রিমেন্ট অন কোস্টাল অ্যান্ড মেরিটাইম শিপিং’ এই দুটি এমওইউ স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, সীমান্ত বাণিজ্য স¤প্রসারণ, দুই দেশের সীমান্তে পৃথক দুটি পাইকারি বাজার বসানো, বাণিজ্য বাড়ানো, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহায়তা বাড়ানো, বিদ্যুৎ ও চাল আমদানি, কৃষি জমি ইজারা নিয়ে চাষাবাদ এবং ব্যাংক লেনদেন পদ্ধতি সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাহবুব আহমেদ। মিয়ানমারের পক্ষে ১৬ সদস্যের দলের নেতৃত্ব দেন দেশটির উপ-বাণিজ্যমন্ত্রী ড. পুইন্ত স্যান।
২০১০ সালের ২৩ সেপ্টেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত জেটিসির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ কেনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে সচিব বলেন, এ নিয়ে আলোচনা হলেও ইতিবাচক ফল আসেনি।
“তারা এই মুহূর্তে বিদ্যুৎ দিতে পারছে না। কারণ এই মুহূর্তে রপ্তানি করার মতো বিদ্যুৎ তাদের নেই বলে জানিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯১৫ ঘ.
bdnews24