২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নওগাঁ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে। শনিবার ভোরে নিয়ে যাওয়া এই যুবকের নাম জানায়নি বিএসএফ। এদিকে এলাকার তিনটি পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিজিবি তিন যুবককে নিয়ে যাওয়ার অভিযোগ পেলেও বিএসএফ তা অস্বীকার করেছে। নওগাঁ ৪৬ রাইফেল ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেন বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার পার্বতীডাঙ্গা গ্রামের লোকজন এক বাংলাদেশি যুবককে ধরে পুলিশে দিয়েছে বলে বিএসএফ জানিয়েছে। “সোমবার সকাল ৯টায় পোরশা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকে এ তথ্য জানানো হয়,” বলেন বিজিবি কর্মকর্তা। পতাকা বৈঠকে হাপানিয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেন এবং বিএসএফ টিক্কাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই বেরেন্দ্র কুমার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। পোরশার নিতপুর বিষ্ণপুর গ্রামের কয়েকটি পরিবারের বরাত দিয়ে হাপানিয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেন বলেন, শনিবার ভোর রাতে গরু নিয়ে একটি হাটে যাওয়ার সময় ২৩৩ নং পিলারের কাছ থেকে বিএসএফ গ্রামের প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে শীষ মোহাম্মদ (৩৫), প্রয়াত ইব্রাহিমের ছেলে বারিক (২৮) ও দোয়ারপাল গ্রামের সাদেকুল ইসলামের ছেলে ইকবাল হোসেনকে (২৩) নিয়ে যায়। এদের মধ্যে বারিকের খোঁজ চেয়ে রোববার বিজিবি একটি চিঠি পাঠিয়েছিল বিএসএফকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.