গাইবান্ধা, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় এক তরুণীকে অপহরণ করতে গিয়ে ধরা পড়েছে এক বখাটে।
শনিবার গভীর রাতে সদরের মালিবাড়ী ইউনিয়নে এ ঘটনার সময় তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ফারুক মিয়া (২৮) নামে একজনকে আটক করে পুলিশে দেয়। ফারুক সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।
সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুুন্দরগঞ্জ উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে শাহ জামাল (৩০) রাতে ১৪/১৫ জন সহযোগীসহ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মেয়েটিকে (১৭) অপহরণ করতে যায় তাদের বাড়িতে।
এ সময় পরিবারের লোকজন বাধা দিলে তাদের মারধর করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
পালানোর সময় স্থানীয়রা একজনকে ধরে ফেলে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় রশিদুজ্জামান সেবু, আতিকুর রহমান বাতেন ও আমিনুল ইসলাম।
এছাড়া তাদের মারধরে আহত হন মেয়েটির বাবা আনিসুজ্জামান সাদা, পাগলারটেক গ্রামের মতিউর রহমান, মশিউর রহমান ও আমিনুর রহমান।
শাহ জামাল দীর্ঘ দিন ধরে কলেজে যাওয়া-আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত বলে জানানওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২১০৪ ঘ.
bdnews24