২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মামলা, আসামি জামায়াত-শিবিরের আড়াইশ নেতাকর্মী

পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে চাঁদপুরে দুটি মামলায় জামায়াত-শিবিরের আড়াই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চাঁদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে চাঁদপুরে দুটি মামলায় জামায়াত-শিবিরের আড়াই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত-শিবির কর্মীরা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালালে ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরউদ্দিন বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন। মামলা দু’টির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় এসআই আবদুর রব, কনস্টেবল সানাউল্লা, নুরুল আবছার, মোজাম্মেল, আলী আশ্রাফ ও মহিউদ্দিন আহত হন। তাদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, আটক ৯ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫০ জনকে ওই দুটি মামলায় আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১২ ঘ.