বাগেরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপারিশ করা প্রার্থীকে চাকরি না দেয়ায় বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান।
সকাল ১০টা দিকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে তালা দেন এই জেলা যুবলীগ সভাপতি। তিন ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে তালা খোলা হয় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শী।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, শনিবার এ কার্যালয়ে এমএলএসএস, সুইপার ও ঝাড়–দার পদে চতুর্থ শ্রেণির ত্রিশ জন এবং তৃতীয় শ্রেণির ৪১ জনকে নিয়োগ দেয়া হয়।
এখানে উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মুজিবর দুই প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন।
এদিকে সুইপার ও ঝাড়–দার পদে ‘সংরক্ষিত কোটায়’ নিজেদের লোক নিয়োগের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কয়েক দফা মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষরা। উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান এ সময় তাদের সঙ্গে ছিলেন।
খান মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিভিল সার্জন স্বপন কুমার তপাদার তার সুপারিশ তো রাখেনইনি, এমনকি তিনি হরিজনদের জন্য সংরক্ষিত কোটাও পূরণ করেননি।
তিনি সিভিল সার্জনের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ এনে বলেন, “এমন দুর্নীতিগ্রস্ত অফিস কয়েক দিন বন্ধ থাকলেও কোনো ক্ষতি হবে না। আমি হরিজনদের নিয়ে আন্দোলন গড়ে তুলব।”
তবে সিজিল সার্জন কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, উপজেলা চেয়ারম্যান হরিজন সম্প্রদায়ের কারো জন্য সুপারিশ করেননি।
উৎকোচের অভিযোগ অস্বীকার করে কর্মচারী নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ও ডা. আব্দুস সামাদ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিধিসম্মতভাবে এবং সংরক্ষিত সব কোটা মেনে সিভিল সার্জন কার্যালয়ে মোট ৭১ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
ছুটিতে থাকা সিভিল সার্জন স্বপন কুমার তপাদার এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তালা দেয়ার তিন ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে ডেপুটি সিভিল সার্জন এ এফ এম রফিকুল হাসান কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৩ ঘ.
bdnews24