২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের বিরুদ্ধে ২ মামলায় অভিযোগপত্র

জাতীয় সংসদের সাবেক স্পিকার বিএনপি নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে আরো দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সাবেক স্পিকার বিএনপি নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে আরো দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় আসামির তালিকায় সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নামও রয়েছে। রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) এই মামলা দুটির অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। ২০১০ এর ২৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দুটি দায়ের করা হয়। বাদী দুদকের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি মামলায় ২০০৬ সালে জমিরউদ্দিন সরকার এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের তৎকালীন প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বিধি বহির্ভূত ভাবে সাবেক চিফ হুইপ এবং বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চিকিৎসা ব্যয় বাবদ ৬ লাখ টাকা অনুমোদন ও পাস করে সরকারি অর্থের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে। তবে দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অপর মামলায় জাতীয় সংসদের স্পিকার এবং সাবেক ডেপুটি স্পিকার পারস্পরিক যোগসাজশে বিধি বহির্ভূত ভাবে ডেপুটি স্পিকারের চিকিৎসা ব্যয় বাবদ ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন এবং আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এর আগে গত বুধবার স্পিকারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত দুটি মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৯০৯ ঘ.