২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে খালেদা

কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রোববার বিকালে চকরিয়ার ডুলহাজরায় ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ পরিদর্শন করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

কক্সাবাজার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রোববার বিকালে চকরিয়ার ডুলহাজরায় ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ পরিদর্শন করেছেন খালেদা জিয়া। সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত উখিয়ার সম্প্রীতি সমাবেশ শেষ করে দুপুর আড়াইটায় বিরোধীদলীয় নেতা চট্টগ্রাম রওনা হন। পথে সাফারি পার্কে যান তিনি। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “চকরিয়ার ডুলহাজরা ইউনিয়নে আড়াইশ হেক্টর জমির ওপর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘হরিণ প্রজনন কেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। “এই কেন্দ্রটি চারদলীয় জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের একমাত্র সাফারী পার্ক হিসেবে গড়ে তোলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই পার্কের নাম বঙ্গবন্ধু সাফারি পার্ক করে।” সালাহউদ্দিন আহমদ জানান, সাফারি পার্কে কয়েকটি প্রাণীর আবাসস্থল ঘুরে দেখেছেন খালেদা জিয়া। সাফারি পার্ক পরিদর্শনের সময়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সংসদ সদস্য হাসিনা আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০৫ ঘ.