২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজনে টাঙ্গাইলে সেনা মোতায়েন’

তবে বর্তমান পরিস্থিতিতে টাঙ্গাইল উপ-নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন দেখছেন না নির্বাচন কমিশনার জাবেদ আলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -টাঙ্গাইল উপ-নির্বাচনে সর্বশেষ পরিস্থিতির বিবেচনায় প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তবে বর্তমান পরিস্থিতিতে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন দেখছেন না তিনি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রোববার সেনা মোতায়েন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, “এ মুহূর্তে তার প্রয়োজন আছে বলে মনে করছি না। ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদন ও ইসির নিজস্ব পর্যবেক্ষণে অন্য সদস্যদের সঙ্গে সেনা মোতায়েনের প্রয়োজন হলে, তা করা হবে।” টাঙ্গাইল নির্বাচনী এলাকা সংলগ্ন ক্যান্টনমেন্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখনো সপ্তাহ বাকি ভোটের। মাত্র ২৪ ঘন্টায় পরিস্থিতি পাল্টাতে পারে। সেনাবাহিনী ডাকার হলে অবশই ডাকবো।” রংপুর সিটি করপোরেশনের বিষয়ে ইসি একই অবস্থান রয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার। আগামী ১৮ নভেম্বর টাঙ্গাইল-৩ আসনের উপ নির্বাচন ও ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের ভোট হবে। ইতোমধ্যে টাঙ্গাইলে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। সম্প্রতি টাঙ্গাইল ও রংপুরে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন এ নির্বাচন কমিশনার। জাবেদ আলী জানান, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। অতীতের কিছু অভিজ্ঞতা নিয়ে টাঙ্গাইলে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে তাতে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাবি ‘যৌক্তিক’ নয় বলে মনে করেন জাবেদ। রংপুরে নির্দলীয় সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলীয় প্রচারণার অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ইতোমধে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাদের সমর্থিত প্রার্থী পরিচয় করিয়ে দেন, যার প্রচারণায় নেমেছে জাপার একদল কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৫৩০ ঘ.