ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে ভূমিকম্পের প্রভাবে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে রোববার সকালে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে।
অবশ্য ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নূর বিনতে জহির জানান, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৫০৬ কিলোমিটার পূর্বে এবং মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।
বাংলাদেশে সকাল ৭টা ১২ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। চট্টগ্রামে এই ভূকম্পনের স্থায়িত্ব ছিল ১৫ সেকেন্ডের মতো।
এ ভূমিকম্পের প্রভাবে দেশের কোথাও ক্ষযক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মিয়ানমারে পাঁচ জনের মৃত্যুর খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশের চট্টগ্রাম ও ভোলাসহ দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে এ ভূকম্পন অনুভূত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধিরা জানান।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে শয়িবু শহরের কাছে ইরাবতী নদীতে নির্মাণাধীন একটি সেতু ভেঙে পড়েছে। সেখানে কয়েকজন নির্মাণকর্মী নিখোঁজ রয়েছেন।
এছাড়া স্থানীয় কায়ুক মায়ুঙ এলাকায় একটি বাড়ি ধসে এক নারীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে ভূমিকম্পের খবর জানানো হলেও ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪০৬ ঘ.
bdnews24