ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকা আসছেন বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ।
তার এই সফরে দুই দেশের মধ্যে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বেলারুশের প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রোববার বেলা ২টা ৫০ এ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
১৯৯১ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রথম সফর।
ঢাকায় পৌঁছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মিখাইল মিয়াসনিকোভিচ। প্রথম দিন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বেলারুশের প্রধানমন্ত্রী। পরে তাদের উপস্থিতিতে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত মে মাসে বেলারুশ সফর করেন। সে সময়ই তিনি শেখ হাসিনার পক্ষ থেকে সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মিখাইল মিয়াসনিকোভিচ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গেও বসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেলারুশের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য কিনতে আগ্রহী। এর অংশ হিসাবে একটি প্রতিনিধি দল নিয়ে গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শনে যাবেন মিখাইল মিয়াসনিকোভিচ।
এছাড়া মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায়ও অংশ নেয়ার কথা রয়েছে তার।
তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন বেলারুশের নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১১৪০ ঘ.
bdnews24