ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথশিশুসহ ঝুঁকিপূর্ণ ও নির্যাতিত শিশুদের নানা হয়রানি থেকে সুরক্ষা দিতে রাজশাহীতে সমন্বিত শিশু সুরক্ষা কেন্দ্র কেন্দ্র চালু করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক’ প্রকল্পের আওতায় রোববার এ কেন্দ্রটি চালু করা হয়।
সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এ কেন্দ্র উদ্বোধন করেন।
এর আগে চট্টগ্রাম ও রংপুরেও এ প্রকল্পের আওতায় দু’টি কেন্দ্র চালু করা হয়। পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগীয় শহরেই এ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান সমাজকল্যাণ সচিব রনজিৎ কুমার বিশ্বাস।
সচিব জানান, প্রকল্পটি শুরু হয়েছে ২০০৯ সালের জানুয়ারি মাসে। আগামী ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পটি বাস্তবায়ন হবে। এতে মোট ব্যয় হবে ৮৯ কোটি ৭৬ লাখ।
প্রতিটি কেন্দ্রে ছেলেদের জন্য একটি ও মেয়েদের জন্য একটি ‘ড্রপ ইন সেন্টার’ থাকবে। সাত বিভাগের ১৪টি ড্রপ ইন সেন্টারে মোট দুই হাজার ১০০ জন ঝুঁকিপূর্ণ শিশুকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। প্রত্যেক কেন্দ্রে ১৫০ জন ছেলে ও ১৫০ জন মেয়ে শিশু সহায়তা পাবে।
এতে শিশুকে যৌনসহ নানা ধরনের হয়রানি থেকে রক্ষা করে খাদ্য, বাসস্থান, চিকিৎসা পোশাক ও শিক্ষা দেয়াসহ সমাজের মূল ধারায় নিয়ে আসা হবে, বলেন সচিব।
ভিডিও কনফারেন্সে মন্ত্রীর সঙ্গে রাজশাহী প্রান্তে অংশ নেন স্থানীয় জেলা প্রশাসক আব্দুল হান্নান, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, রাজশাহীর আইসিপিএস কেন্দ্র প্রাথমিকভাবে ২৫ জন বালক ও ৩১ জন বালিকা নিয়ে শুরু করা হয়েছে। লোকবল ও স্থানের সংকটের কারণে এখনই পুরোদমে শুরু করা যাচ্ছে না।
সমাজকল্যাণ সচিব প্রকৃত ঝুঁকিপূর্ণ শিশুরা যাতে কেন্দ্রে আসতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
পরে মন্ত্রী ও সচিব ভিডিও কনফারেন্সে রাজশাহী সেন্টারের কয়েকজন শিশুর সাথে কথা বলেন।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৪২৫ ঘ.
bdnews24