ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে মুক্তি ও জব্দ ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার দাবিতে নগরীর রমনা পার্কে গণ অনশন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির পরিবেশকরা।
ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম ব্যানারে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য ভবনের উল্টো পাশে রমনা উদ্যানের ভেতরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে অংশ নেয়া এমএলএম কোম্পানিটির প্রায় এক হাজার পরিবেশক ডেসটিনিতে প্রশাসক নিয়োগেরও বিরোধিতা করেন।
ফোরামের সদস্য রায়হান নোবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেসটিনির বিরুদ্ধে ডিস্টিবিউটররা কোনো অভিযোগ করেনি। তবে কেন ডেসটিনির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
দাবি না মানা হলে ডিস্ট্রিবিউটররা বাংলাদেশের সব থানা ঘেরাও করবে এবং স্বেচ্ছা কারাবরণ করবে বলে তিনি জানান।
রায়হান বলেন, “ডিস্ট্রিবিউটররা ডেসটিনিতে কোনো প্রশাসক চায় না।”
বিকাল ৫টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও এক পর্যায়ে পরিবেশকরা টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে পুলিশ এবং ডেসটিনির কর্মকর্তাদের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে ৬টায় সমাবেশ শেষ হয়।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
এরপর সরকার এই প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24