নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল বিক্রির উদ্যোগের প্রতিবাদ করেছে মিলের শ্রমিক কর্মচারী ও শেয়ারহোল্ডাররা।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, প্রায় ৭শ’ কোটি টাকা মূল্যের মিলটি মাত্র পনের কোটি টাকায় প্রভাবশালী একটি মহলের কাছে বিক্রির পাঁয়তারা চলছে।
তারা পুনরায় মিলটি চালুর দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক-কর্মচারী-শেয়ার হোল্ডারদের পক্ষে বিদ্যুৎ কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মিলের শেয়ার হোল্ডার শীতল মণ্ডল, রবি চন্দ্র দাস, বরেন্দ্র চন্দ্র দে, আলমগীর হোসেন, মোহাম্মদ হোসেন ও জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিল, চিত্তরঞ্জন কটন মিলসহ বেশ কয়েকটি কটন মিলের জন্যই নারায়ণগঞ্জে সুতা ব্যবসার প্রসার ঘটেছিল। বর্তমানে এই মিলটি স্বার্থান্বেষী মহলের লুটপাটের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালিত কয়েকটি অলাভজনক ভারী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক কর্মচারীদের কাছে বিনামূল্যে হস্তান্তর করে।
সে অনুযায়ী ২০০১ সালে ২১ মার্চ ৫১০ জন শেয়ার হোল্ডার প্রতিনিধি হিসেবে সরকারের কাছ থেকে মিল পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে শেয়ার হোল্ডারদের ১১ জনকে পরিচালক পদে নির্বাচিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯০৯ ঘ.
bdnews24