জয়পুরহাট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীর মৃত্যু হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, শনিবার সকালে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদিউজ্জামান (২২) নামের ওই শিবির কর্মীর মৃত্যু হয়।
জয়পুরহাটের কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র বদিউজ্জামান ছাত্রশিবিরের সদর উপজেলা শাখার নেতা ছিলেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ অক্টোবর জয়পুরহাট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এক পর্যায়ে শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে গুরুতর আহত বদিউজ্জামান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ওসি আব্দুর রশিদ সরকার জানান, পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে থানায় যে মামলা হয়েছে তাতে বদিউজ্জামানও আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩৪০ ঘ.
bdnews24