ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যা নিয়ন্ত্রণের স্বার্থে ‘উদার মনোভাব’ পোষণ করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার রাজধানীতে উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।
জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতির ধারা তুলে ধরে মুহিত বলেন, “জন্মনিযন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশে সেক্যুলার চিন্তাধারা বিরাজ করছে, যা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য খুবই উপযোগী।”
রাজধানীর রূপসী বাংলা হোটেলে পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিডিডি)-এর আওতায় ২৫টি উন্নয়নশীল দেশের আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের এ সম্মেলন দুদিন চলবে। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, গত ৪০ বছরে দেশে জনসংখ্যা প্রবৃদ্ধির হার প্রায় তিন শতাংশ থেকে এক দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে। জন্মনিরোধক ব্যবহারের হার বেড়ে ৬০ শাতংশের বেশি হয়েছে।
১৯৫৯ সালে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর থেকে এদেশের পরিবার পরিকল্পনার অবস্থা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, “দেশের রক্ষণশীল চিন্তা জনসংখ্যা নিয়ন্ত্রণ নেতিবাচক প্রভাব ফেলেছিল।”
জনসংখ্যার উচ্চ ঘনত্ব ও সীমাবদ্ধ ভূমির বিবেচনায় ২০৪০ সালের মধ্যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ‘শূন্যে’ নামিয়ে আনা প্রয়োজন বলেও উল্লেখ করেন মুহিত।
অবশ্য বর্তমান জন্ম ও মৃত্যুর হার বিবেচনায় বাংলাদেশ অনেক আগেই এ লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশা করছেন জনসংখ্যাতত্ত্ববিদরা।
জনসংখ্যা নিয়ন্ত্রণে চলমান কর্মসূচির মেয়াদ ২০১৪ সালে শেষ হওয়ার পর পিডিডিভুক্ত ২৫টি দেশের সহযোগিতার রূপ কী হবে- তাই ঠিক করা হবে এ সম্মেলনে।
২০ বছর আগে ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’র জন্য ঐক্যবদ্ধ হওয়া উন্নয়নশীল এ দেশগুলোর উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “প্রাথমিকভাবে এটা খুব কঠিন ছিল, কারণ তখন আমাদের অনেকেই এটাতে (উন্নয়নশীল অর্থনীতির মধ্যে সহযোগিতা) বিশ্বাস করতো না।”
১৯৯৪ সালে কায়রোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি) থেকে উন্নয়নশীল দেশগুলো এ মঞ্চের আওতায় আসে। তখন জনসংখ্যা জনমিতিক লক্ষ্যমাত্রার চেয়ে ব্যক্তিদের চাহিদা ও অধিকারের ওপর গুরুত্ব দিয়ে ২০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এমন এক সময়ে এ সম্মেলন হচ্ছে যখন দেশে জনমিতির চিত্রে পরিবর্তন ঘটছে। অনেক তরুণ চাকরির বাজারে ঢুকছে এবং গড় আয়ু বেড়ে যাওয়ায় বৃদ্ধ মানুষের সংখ্যাও বাড়ছে।
উন্নয়নশীল দেশগুলোতে বয়স্ক জনসংখ্যা বেশি হয়ে যাওয়ায় ‘সম্পদ তৈরি’র ওপর জোর দেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেও স্বাস্থ্য ও জনসংখ্যা ব্যবস্থাপনা একসঙ্গে রাখতে এবং কম্যুনিটি ক্লিনিকের মতো প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে সবার ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, “এ ধরনের একটি গুরুত্বপূর্ণ জোটের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া এবং এর সচিবালয় রাখার সুযোগ পাওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয়।”
তিনি বলেন, বাংলাদেশ অংশীদারিত্বকে সমর্থন করে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর গুরুত্ব দেয়।
“দেশে গৃহীত নীতিমালা ও কর্মসূচির মধ্যে আইসিপিডি কর্মপরিকল্পনার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আমাদের নীতিমালা ও কর্মসূচি হালনাগাদ করছি।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, পিপিডির জন্য কার্যালয় ও প্রয়োজনীয় সব সেবা দেয়া ছাড়াও সংস্থার সচিবালয় ভবন তৈরির জন্য ঢাকায় ৬৪ শতাংশ জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শিগগিরই এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেবেন।
পিপিডির বোর্ড চেয়ারম্যান ও ভারতের স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেন, “আইসিপিডির ২০তম বর্ষপূর্তির পর বর্তমান প্রেক্ষিত বিবেচনায় ‘জনসংখ্যার বিষয়ে নতুন করে লক্ষ্য ঠিক করা উচিত’।
তিনি বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতিতে ভারত একটি ‘দৃষ্টান্তমূলক পরিবর্তন’ ঘটিয়েছে।
“আমরা এখন এমন পদ্ধতি অনুসরণ করছি ,যাতে জন্মের ক্ষেত্রে দেরি করা বা বিরতি রাখা হয়।”
অন্যদের মধ্যে চীনের জাতীয় জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা উপ-মন্ত্রী চেন লি, নাইজেরিয়ার পরিকল্পনামন্ত্রী ড. শামসেদিন উসমান, উগান্ডার অর্থ, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপ-মন্ত্রী মাতিয়া কাসাইজা, জিম্বাবুয়ের স্বাস্থ্য ও শিশুকল্যাণ উপ-মন্ত্রী ডগলাস টেন্ডাই এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/জেকে/১৮২০ ঘ.
bdnews24