ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচার পতন আন্দোলনের শহীদ নূর হোসেনকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে রাজনৈতিক দলগুলো।
১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী নূর হোসেন।
সেদিন তার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’।
শনিবার ভোরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কোয়ারে ভোরে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় প্রধান বিরোধী দল বিএনপি।
যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, “নূর হোসেন একটি জীবন্ত পোস্টার। তিনি যে কারণে জীবন দিয়ে গেছেন, তা আজও আমরা বাস্তবায়ন করতে পারিনি।”
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে দলের নেতারা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান।
অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আব্দুল মতিন খসরু, আফজাল হোসেন ও মৃণাল কান্তি দাস এ সময় উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন খান আলমগীর পরে সাংবাদিকদের বলেন, “স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় একই।”
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নূর হোসেন স্কোয়ারে ফুল দেয়ার পর জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন।
তাদের সেই আত্মত্যাগের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হতে থাকলে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়।
এরপর থেকে প্রতি বছরের ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস। আর জিরো পয়েন্টের নাম করা হয়েছে নূর হোসেন চত্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/জেকে/১১৩০ ঘ.
bdnews24