নারায়ণগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাখে প্রতিমাসে আড়াইহাজার টাকা সুদ দেয়ার কথা বলে নারায়ণগঞ্জে গ্রাহকদের বিপুল টাকা নিয়ে ‘নামহীন’ এক সমিতির কর্মকর্তারা পালিয়ে গেছে।
আমানতকারীদের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে নগরীর দেওভোগ আখড়া এলাকা থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
এক আমানতকারী এ ঘটনায় থানায় মামলাও করেছেন।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ী বাদল রায় ও তার ভাই বিদ্যুৎ রায় ‘নামহীন’ একটি সমবায় সমিতির মাধ্যমে প্রতিলাখে মাসে আড়াইহাজার টাকা সুদ দেয়ার প্রতিশ্র“তি দিয়ে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় শতকোটি টাকা হাতিয়ে নেয়।
এক সপ্তাহ আগে হঠাৎ বিদ্যুৎ রায় পালিয়ে যায়। খবর পেয়ে আমানতকারীরা টাকার জন্য বিদ্যুতের বড় ভাই বাদলকে চাপ দিলে বাদল টাকা ফেরত দেয়ার আশ্বাস দেয়।
কিন্তু বৃহস্পতিবার দুপুরে বাদলও পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার রাতে কয়েকশ’ আমানতকারী নারী-পুরুষ বাদলের বাড়ি গিয়ে বিক্ষোভ করেছে।
পরে পুলিশ গিয়ে বাদলের ভাই শ্যামল রায়, তার স্ত্রী কাজল রায়, আরেক ভাই পরিমল রায়ের স্ত্রী মনিকা রায়কে আটক করে।
এই ঘটনায় আকাশ নামে এক আমানতকারী শুক্রবার সকালে গ্রেপ্তার তিনজনসহ ১২ জনকে আসামি করে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৯ ঘ.
bdnews24