২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ডি-এইট সম্মেলনে আমন্ত্রণ জানালেন হিনা রাব্বানি

ইসলামাবাদে ডি-এইট সম্মেলনের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামাবাদে ডি-এইট সম্মেলনের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি। এই উদ্দেশ্যে শুক্রবার পাঁচ ঘণ্টার জন্য ঢাকায় আসা হিনা রাব্বানি দুপুরে গণভবনে গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারির পক্ষে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। আগামী ২২ নভেম্বর ইসলামাবাদে উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন শুরু হচ্ছে। ঢাকায় নেমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর সবুজ সালোয়ার এবং একই রঙের কামিজ পরা হিনা রাব্বানি দুপুর ১২টার দিকে গণভবনে ঢোকেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ডিএইট সম্মেলনে আমন্ত্রণ জানাতে এই সফরের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী ডিএইট সম্মেলন ছাড়াও শিক্ষা, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানান প্রেসসচিব। হিনা রাব্বানির বৈঠকের সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। এছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, প্রেসসচিব আবুল কালাম আজাদ। শুক্রবার সকাল সোয়া ১০টায় বিশেষ একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। দীপু মনির সঙ্গে বৈঠকের পর গণভবন যান হন তিনি। বিকালে ঢাকা ছাড়ার আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন হিনা রাব্বানি। বর্তমান সরকারের আমলে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশে এলেন। এর আগে গত ২৫ অক্টোবর হিনার ঢাকায় আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। বর্তমান সরকারের মেয়াদে গত চার বছরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শুধু বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ইসলামাবাদ সফর করেছেন। সম্প্রতি পাকিস্তান সফরে যান স্পিকার আবদুল হামিদ। এছাড়া ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০৫ ঘ.