ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে মঞ্জু আরা বেগমের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন।
আবেদনটি জনস্বার্থে দায়ের করলেও তিনি তার মেয়েদের অভিভাকত্ব সূত্রে ওই স্কুল পরিচালনা পরিষদ নির্বাচনে ভোটার বলেও রিটে উল্লেখ করেছেন। রিটে এ বিষয়ে রুল প্রার্থনার পাশাপাশি কয়েকটি অন্তর্র্বতী আদেশ চাওয়া হয়।
রিট আবেদনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারি প্রধান শিক্ষকের পদে যথাক্রমে মঞ্জু আরা বেগম ও সুফিয়া খাতুনের চাকরির মেয়াদ বৃৃদ্ধি বন্ধ করা এবং ওই পদ থেকে তাদের অব্যাহতি প্রদানে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়।
তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি না করতে এবং ওই পদ থেকে তাদেরকে অব্যাহতি প্রদানে কেন বিবাদীদের নির্দেশনা দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়।
রুল বিচারাধীন থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম ও সহকারি প্রধান শিক্ষক সুফিয়া খাতুনের চাকরির মেয়াদ বৃদ্ধি থেকে বিবাদীদের বিরত রাখতে নিষেধাজ্ঞা প্রদানের আর্জিও জানানো হয় রিট আবেদনে।
পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের কার্যক্রমের উপর স্থগিতাদেশ চাওয়া হয়।
রিটে শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম, সহকারি প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
এতে বলা হয়, শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ বছর। কিন্তু সহকারি প্রধান শিক্ষক সুফিয়া খাতুন ওই মেয়াদ অতিক্রম করে ফেলেছেন। কিন্তু স¤প্রতি তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে।
“নির্বাচনের ব্যবস্থা না করে গত ১০ অক্টোবর মঞ্জু আরা বেগম পরিচালনা পরিষদ গঠন করেছেন। নিয়মিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ২০১০ সালের ২৯ অগাস্ট শেষ হয়। এরপর এভাবে দুই-দুইবার এডহক কমিটি আসে। এই সময়ের মধ্যে মঞ্জু আরা বেগম নিয়ম অনুসারে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে জেলা প্রশাসককে চিঠি দেননি। কারণ তিনি জানেন, নির্বাচন অনুষ্ঠিত হলে তার চাকরির মেয়াদ বাড়ানো হবে না।”
এ বছরেই তার চাকরির মেয়াদ শেষ হবে উল্লেখ করে রিটে আবেদনে বলা হয়, ‘ভর্তি বাণিজ্য’ অব্যাহত রাখতে বর্তমানে মঞ্জু আরা বেগম তার চাকরির মেয়াদ আরো দুই বছর বাড়াতে তদবির করছেন।
রিটে ২০০৬ সালের সরকারি একটি নোটিফিকেশনের দৃষ্টান্ত দেওয়া হয়। যাতে বলা হয়, বেকারত্ব দূর করতে শিক্ষকতা পেশায় সব ধরনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। পরবর্তীতেও কোনো শিক্ষককে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া চলবে না বলে এতে বলা হয়।
আবেদনে আরো বলা হয়, চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিবাদীদের উকিল নোটিশ দিয়েছেন বাদী। কিন্তু তারা নোটিশের জবাব দেননি। এতে তিনি ধরে নিয়েছেন, তার অভিযোগ সত্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24