২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদাচ্ছেরকে ফের ডাকবে দুদক

হল-মার্ক কেলেঙ্কারি তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রতিবেদন পেলে আবারো প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হল-মার্ক কেলেঙ্কারি তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রতিবেদন পেলে আবারো প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংসদীয় উপকমিটি মোদাচ্ছেরের সাক্ষ্য নেয়ার একদিন পরে এ কথা জানিয়েছেন দুদকের তদন্ত বিষয়ক কমিশনার এম সাহাবুদ্দিন। বুধবার সাক্ষ্যগ্রহণ শেষে সংসদীয় উপকমিটির প্রধান তাজুল ইসলাম জানিয়েছিলেন, কমিটি তার [মোদাচ্ছের] সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় যাতায়াতকে ‘স্বাভাবিক’ মনে করে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে সাহাবুদ্দিন বলেন, “দুদকের জিজ্ঞাসাবাদে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে আমাদের কাছে মনে হয়েছে ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই। কিন্তু তিনি যদি সংসদীয় উপকমিটির কাছে ভিন্ন বক্তব্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই এ বিষয়ে আমরা তার ব্যাখ্যা চাইব।” ২০১০ এর মাঝামাঝি সময় থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে হল-মার্ক গ্রুপ, নকশি নিট কম্পোজিট, টিএন ব্রাদার্স, প্যারাগন গ্রুপ, খান জাহান আলী স্যুয়েটার্স এবং ডি এন স্পোর্টস অবৈধ ভাবে ৩ হাজার ৬০০ কোটি টাকা তুলে নেয় করে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই হাতিয়ে নেয় ২ হাজার ৬০০ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় এই অনিয়ম ধরা পড়ে। এ বিষয়ে তদন্তের জন্য চলতি বছরের জুনে দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে প্রধান করে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে দুদক। দুদকের জিজ্ঞাসাবাদে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার ব্যাবস্থাপক কে এম আজিজুর রহমানসহ একই শাখার একাধিক কর্মকর্তা ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সংবাদমাধ্যমে এ বিষয়টি প্রকাশের পর সারাদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। জাতীয় সংসদেও সরকার দলীয় একাধিক সাংসদ এর তীব্র সমালোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ঘটনা খতিয়ে দেখতে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলামকে প্রধান করে একটি উপকমিটি গঠন করে সরকার। এ মাসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুদক কমিশনার সাহাবুদ্দিন বলেন, “সংসদীয় উপকমিটির কাছে তিনি [মোদাচ্ছের] যে বক্তব্য দিয়েছেন তা আমরা এখনো পাইনি, তবে আমরা যোগাযোগ করছি। প্রতিবেদন হাতে পেলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২১৩০ ঘ.