লাবলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ কমিটির নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি ড. নুরুন্নবী।
মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের দিন এই নগর পর্ষদেও নির্বাচন হয়।
ডেমক্রেট সমর্থক নবী গৃহিত ভোটের ৭০ শতাংশই পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন রিপাবলিকান সমর্থক।
চার বছরের জন্য সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করবেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী। তিনি আগের মেয়াদেও এই পদে ছিলে।
এদিকে নিউ ইয়র্ক থেকে হাউজ অব রিপ্রেজেনটেটিভে নির্বাচিত হয়েছেন গ্রেস মেং, যার প্রতি বাংলাদেশিদের সমর্থন ছিল।
কংগ্রেসে বাংলাদেশ ককাসে যোগ দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চীনা বংশোদ্ভূত এই নারীর।
ডেমক্রেটিক পার্টির বাঙালি নেতা আকতার হোসেন বাদল বলেন, “বাংলাদেশ ককাসের একজন সদস্য আমরা হারিয়েছি এবারের নির্বাচনে। তিনি হচ্ছেন মিসিগানের হেনসেন ক্লার্ক। নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। তার সে শূন্য আসনটি পূরণ হলো গ্রেস মেং-এর মাধ্যমে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24