ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ শেষে গত পাঁচ দিনে ১৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এছাড়া হজ করতে গিয়ে এ পর্যন্ত মোট ১২৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মক্কায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি সহায়তা ডেস্ক সোমবার রাত ১২টা পর্যন্ত হাজিদের দেশে ফেরা এবং মক্কায় মারা যাওয়া হজযাত্রীদের এ তালিকা প্রকাশ করেছে।
গত ২৫ অক্টোবর হজ পালন শেষে ১ নভেম্বর থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে ৩০ নভেম্বর।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদি এয়ারলাইন্স এবং ন্যাশনাল এয়ার সার্ভিসেস (নাশ এয়ার) এসব ফিরতি ফ্লাইটে হাজিদের নিয়ে আসছে।
গত ১৭ সেপ্টেম্বর হজ ফ্লাইট শুরু হয়ে তা শেষ হয় ২০ অক্টোবর।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজযাত্রী তালিকাভুক্ত হন এবং মোয়াল্লেম ফি জমা দেন। এরমধ্যে শেষ পর্যন্ত হজ পালনের জন্য সৌদি আরব যান এক লাখ নয় হাজার ৬৬০ জন।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৯৮০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮৮টি এজেন্সির মাধ্যমে একলাখ ছয় হাজার ৬৮০ জন হজে যান।
মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি সহায়তা ডেস্কের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে দুই হাজার ৫৫৮ জন সরকারি ব্যবস্থাপনায় হজে যান। বাকি ১৩ হাজার ৮৭১ জন হজে যান বেসরকারি ব্যবস্থাপনায়।
হজ শেষ হলেও মহানবীর (সা.) মাজার জিয়ারতসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করতে এখনো মদিনায় অবস্থান করছেন ১১ হাজার ২৬৫ জন হাজি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১২৪ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যান ছয়জন, আর বেসরকারি ব্যবস্থাপনার যান ১১৮ জন। মৃতদের মধ্যে পুরুষ ১১০ জন ও মহিলা ১৪ জন।
তাদের মধ্যে মক্কায় ৮৮ জন, মদিনায় ১৬ জন, জেদ্দায় দুইজন এবং মিনায় ১৮ জন হজযাত্রী মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৫৫ ঘ.
bdnews24