২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্ণফুলী টানেলের কাজ আগামী জুলাইয়ে শুরু’

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ আগামী জুলাই মাসে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ আগামী জুলাই মাসে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে চীনের প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) এই ট্যানেলটি নির্মাণ করবে। কর্ণফুলী স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে সেতু না করে এই টানেল করা হচ্ছে বলে জানান মন্ত্রী। ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে পতেঙ্গার নেভাল এভিনিউতে ট্যানেল নির্মাণের স্থান পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ট্যানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডিজ) ইতোমধ্যে শেষ হয়েছে। চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে এই বিষয়ে ঢাকা ও চট্টগ্রামে দুটি সেমিনার করবে। ট্যানেলের অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, “জি টু জি (দুই দেশের সরকারের মধ্যে) পর্যায়ে এর অর্থায়ন হবে।” নদীর এপাড়ের সঙ্গে ওপারের সংযোগ স্থাপনই টানেল নির্মাণের মূল লক্ষ্য নয় বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, “চট্টগ্রামের জনগণ কর্ণফুলী নদীর ওপর ব্রিজ তৈরির দাবি করেন। ব্রিজ তৈরি করলে নদীতে পলি জমবে, নষ্ট হয়ে যাবে নদীর উপযোগিতা। এতে করে চট্টগ্রাম বন্দর হুমকির সম্মুখীন হবে। “পলি জমা থেকে কর্ণফুলী নদীকে রক্ষা করা এবং পাহাড় কেটে শহর সম্প্রসারণ করা বন্ধ করা যাবে ট্যানেল নির্মাণের ফলে।” চট্টগ্রামকে চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ের আদলে তৈরির পরিকল্পনা রয়েছে জানিয়ে কাদের বলেন, “নদীর এ পাড়ে আগ্রাবাদ বাণিজ্যিক কেন্দ্রবিন্দু, কিন্তু ওপারে কিছুই নেই। এটা মানা যায় না।” ট্যানেল নির্মাণ হলে নদীর এক পাড়ে পুরনো শহরের সঙ্গে ওপারে নতুন একটি শহর হবে বলে আশা করছেন যোগাযোগমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইউএস/এমআই/১৭৫৭ ঘ.