ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ের এক বছর পরেও ক্ষতিপূরণের অর্থ না পেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মতিন এবং সাবেক নৌ পরিবহন সচিব শেখ মোতাহার হোসেনের বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করেছেন মামলার বাদী।
বিবাদীদের সম্পত্তি জব্দ করে তা নিলামে বিক্রির মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ আদায়ের আবেদন করা হয়েছে এতে।
চট্টগ্রামের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন সেলিম সোমবার বিকালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে এই আবেদন করেন বলে জানান তার আইনজীবী কামরান খান।
তিনি বলেন, বিচারক মুহাম্মদ ইফতেখার বিন আজিজ ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ে বিবাদীদের বিরুদ্ধে ডিক্রি জারির ওই আবেদন গ্রহণ করেছেন। পরে শুনানি করে আদেশ দেবে আদালত।
গত বছর ৩ নভেম্বর ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ মোহাম্মদ মোহসিনুল হক ক্ষতিপূরণ মামলার রায়ে বলেন, মতিন ও মোতাহারকে ক্ষতিপূরণের ২৫ কোটি টাকাসহ বাদীর মামলা পরিচালনার যাবতীয় খরচও পরিশোধ করতে হবে। তারা এই অর্থ দিতে ব্যর্থ হলে তাদের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ বাদীকে পরিশোধ করা হবে। সেটাও সম্ভব না হলে বাদী ওই দুই জনকে দেওয়ানী কারাগারে বন্দি রাখার আবেদন করতে পারবেন।
২০০৯ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলা দায়ের করেন সেলিম।
এতে তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে মতিন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) অপারেটর নিয়োগের জন্য ডাকা একটি দরপত্র বেআইনি ও অন্যায়ভাবে বাতিল করা হয়।
এভারেস্ট এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হলেও তাদের কাজটি দেয়া হয়নি। এতে এভারেস্ট এন্টারপ্রাইজের ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
দরপত্র বাতিলের ক্ষেত্রে মতিন ও সাবেক সচিব মোতাহারের ‘বিশেষ উদ্দেশ্য’ ছিল বলে মামলায় অভিযোগ করেন সেলিম।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৪৪০ ঘ.
bdnews24