ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাসোসিয়েশন অব সার্ক স্পিকার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ানস এর সম্মেলন রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে।
সম্মেলনে অংশ নিয়ে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংসদকে আরো বেশি কার্যকর করা প্রয়োজন।
স্পিকারের নেতৃত্বে আট সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
সেদেশের জাতীয় পরিষদের স্পিকার ড. ফাহমিদা মির্জা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার, মালদ্বীপের জাতীয় সংসদের স্পিার আব্দুল্লাহ শাহিদ, ভুটানের স্পিকার লিওনপে জিগমে সুলটিম এবং শ্রীলংকার ডেপুটি স্পিকার।
আবদুল হামিদ বলেন, জাতীয় সংসদ ও গণতন্ত্র শব্দ দুটি পরস্পর সমার্থক না হলেও গণতন্ত্রের জন্য সংসদ অপরিহার্য। তৃণমূল পর্যায় থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে বেগবান করা সম্ভব।
তিনি সার্ক অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে সার্কভুক্ত দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
“সংসদীয় রীতি-নীতি ও পদ্ধতি যাতে সর্বাবস্থায় অব্যাহত থাকে সে লক্ষ্যে সংসদ ও সংসদ সদস্যদেরকে এগিয়ে আসতে হবে।”
সম্মেলন উদ্বোধনকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী পার্লামেন্টের বিকল্প নেই।
তিনি মাদক চোরাচালান রোধ, মৌলবাদ দমন ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২০০ ঘ.
bdnews24