টাঙ্গাইল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা কবলিত সেনাবাহিনীর একটি ট্যাংকবাহী লরি উদ্ধারের কাজ চলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি সানোয়ার হোসেন জানান, মির্জাপুর উপজেলার জামুর্কীতে শনিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি ট্যাংক বহনকারী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে তিন সেনা সদস্য আহতও হয়।
রোববার বেলা ১২টা থেকে লরিটি উদ্ধারে কাজ শুরু হয়। রাত পর্যন্ত লরিটি উঠাতে না পারায় সোমবার সকাল থেকেই পুনরায় শুরু হয় উদ্ধারকাজ। এর ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিকাল ৪টায় লরিটি উঠানো হলেও যানজট রয়ে গেছে বলে জানান তিনি।
মহাসড়কে যানবাহনের চাপ কমাতে উত্তরবঙ্গের সব যাত্রীবাহী বাসকে মির্জাপুর উপজেলার গোড়াই হাটুভাঙ্গা লিংকরোড দিয়ে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/২০২৪ ঘ.
bdnews24