সিলেট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে সিলেটে।
এ সম্মেলনে যোগ দিতে সোমবার সকাল ১১টায় সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমারের নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে আসে। এ সময় বিজিবি কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
বেলা সাড়ে ৩টায় সিলেটের হোটেল রোজভিউয়ে তিন দিনের এই সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, “এ সম্মেলনে সীমান্তের নানা সমস্যা সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হবে। সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ কীভাবে নেয়া যার সে বিষয়েও জোর দেয়া হবে।”
বিজিবি রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি সেক্টর কমান্ডার, বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন।
অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন বিএসএফ মেঘালয়, গৌহাটি, ত্রিপুরা ও মিজোরাম অ্যান্ড কাসার ফ্রন্টিয়ার আইজি, সংশ্লিষ্ট ডিআইজি এবং সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সীমান্তে বাংলাদেশিদের গুলি, হত্যা ও আহত করা, গ্রেপ্তার ও আটক, ভারত থেকে বাংলাদেশে মদ, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের ওষুধ, মাদকদ্রব্যের চোরাচালান, সীমান্তের ১৫০ গজের মধ্যে একতরফাভাবে যে কোনো স্থাপনা নির্মাণ এবং নদীর তীর সংরক্ষণে মেরামত কাজ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এ সম্মেলনে।
সোমবার সিলেটের আলোচনা শেষে দুই বাহিনীর কর্মকর্তারা মঙ্গল ও বুধবার ঢাকায় বৈঠক করবেন। ৮ নভেম্বর তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24