বেনাপোল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সোনার বার, পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে বেনাপোলের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুজ্জামান জানিয়েছেন।
গ্রেপ্তার তিনজন হলেন- বেনাপোল পোর্ট থানার মহিষডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে রহমত আলী, পুটখালি গ্রামের বাবর আলীর ছেলে জামাল হোসেন এবং শার্শার শ্যামলাগাছি গ্রামের মান্দার আলীর ছেলে নুরুজ্জামান।
গোয়েন্দা কর্মকর্তা শামীম মুসা বলেন, তাদের কাছে ৮১২ গ্রাম ওজনের সাতটি সোনার বার, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২০ ঘ.
bdnews24