গাজীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ২০ দিন পর গাজীপুর সদর উপজেলায় টয়লেটের সেফটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পূর্ব কলমেশ্বর এলাকা থেকে স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমির বহিস্কৃত নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার ফেরদৌস অয়নের (১৬) লাশ উদ্ধার করে পুলিশ।
অয়নের বাবা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সলিম উদ্দিন।
গত ১৩ অক্টোবর অপহরণ পূর্ব কলমেশ্বর এলাকার বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অয়নকে অপহরণ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্বকলমেশ্বর এলাকার মাওলানা তাইজুল আলমের ছেলে আব্দুল্যাহ আল-আরমান (২০), আব্দুল করিমের ছেলে আজহারুল ইসলাম ওরফে রুবেল (১৯) ও সামশুল আলমের ছেলে তৌসিক আলম (১৯)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, অপহরণকারীরা অয়নের মা টঙ্গী সরকারী হাসপাতালের নার্স ফেরদৌসী বেগমের কাছে মুক্তি পণের ১০ লাখ টাকা দাবি ফোন করে। মুক্তিপণের টাকা না দিলে অয়নকে হত্যারও হুমকি দেয় তারা।
এ ঘটনায় অয়নের বাবা সলিম উদ্দিন জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন এবং র্যাব-১ কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।
পুলিশ কর্মকর্তা জহিরুল জানান, শনিবার মোবাইল ট্রেকিং করে র্যাব-১ এর লেফটেন্যান্ট কর্নেল কাওসার মাহমুদের নেতৃত্বে কলমেশ্বর এলাকায় অভিযান চালিয়ে আরমান, তৌসিক ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা অয়নের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরমানদের বাসার টয়লেটের সেফটিক ট্যাংক থেকে অয়নের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অয়ন গেল বর্ষায় আশুলিয়া এলাকায় তার এক সতীর্থকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়ার অভিযোগে স্কুল থেকে সাময়িক বহিস্কৃত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৪৫ ঘ.
bdnews24