ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত আলোকচিত্র সাংবাদিক কাজী বিপ্লবকে চোখের জলে চির বিদায় জানিয়েছেন সহকর্মীরা।
শনিবার সকাল ১১টায় বিপ্লবের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
এরপর মরদেহ নেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানের বটতলায় (ছবির হাটের পেছনে), যেখানে আলোকচিত্র সাংবাদিকরা নিয়মিত আড্ডা দেন। বটতলায় বিপ্লবের স্মৃতি স্মরণ করে সহকর্মী অনেক আলোকচিত্র সাংবাদিক মুষড়ে পড়েন।
দুপুরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে বিপ্লবের জানাজা হয়। এরপর দাফনের জন্য লাশ নেয়া হয় আজিমপুর কবরস্থানে।
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পাঁচ দিন পর শুক্রবার মারা যান দৈনিক বণিকবার্তার আলোকচিত্র সাংবাদিক কাজী বিপ্লব (৩০)।
গত রোববার রাতে টঙ্গী যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে বিপ্লবের মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এমআই/১৪০১ ঘ.
bdnews24