ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশ স্মরণ করছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শীর্ষ চার নেতাকে হত্যার দিন।
৩৭ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়। পরবর্তী সময়ে ওই দিনটি অভিহিত হয় জেলহত্যা দিবস হিসেবে।
জেলহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
যথাযোগ্য মর্যাদায় শনিবার দিবসটি পালনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কর্মসূচি নিয়েছে।
প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকাল ৭টায় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ নেতারা।
এরপর সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে ফুল দেন। কামরুজ্জামানের সমাধি রাজশাহীতে।
দিবসটি উপলক্ষে বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তার ঘনিষ্ঠ এ চার রাজনৈতিক সহকর্মীকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ নেতাদের কারাগারে হত্যার ঘটনাটি বিশ্বে নজিরবিহীন।
বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
‘জাতিকে নেতৃত্বহীন করতে এ হত্যা’
জেলহত্যা দিবসে এক বাণীতে শোককে শক্তিতে পরিণত করার আহবান জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তাই আমাদের জাতীয় ইতিহাসে জেলহত্যা দিবস এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আছে।”
“ঘাতকচক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। ” বাণীতে বলেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। ”
“চক্রান্তকারী এবং গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তি হাত পা গুটিয়ে বসে নেই।” বলে বাণীতে সতর্ক করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “তারা এদেশে গণতান্ত্রিক ও স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে বারবার হামলা চালিয়েছে।”
দীর্ঘ বিচার প্রক্রিয়া
১৯৭৫ সালের ৩ নভেম্বরের ওই হত্যাকা-ের পরদিন পুলিশের তখনকার ডিআইজি আবদুল আওয়াল মোসলেমউদ্দিনসহ এ ঘটনায় একটি মামলা করেন।
ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। এরপর ৬ বছর মামলার বিচার চলার পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন।
রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর, অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামান ও তাহেরউদ্দিন ঠাকুর।
২০০৮ সালের ২৮ অগাস্ট হাই কোর্ট রিসালদার মোসলেহউদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে মৃত্যুদ-প্রাপ্ত অপর দুই আসামি মারফত আলী শাহ এবং আবুল হোসেন মৃধাকে খালাস দেয়। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অব্যাহতিপ্রাপ্ত মেজর মো. বজলুল হুদা, অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহম্মদকে খালাস দেয় হাই কোর্ট। অন্য পলাতক আসামিরা আপিল না করায় হাই কোর্ট তাদের সাজা বহাল রাখে।
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর গত ৩১ অক্টোবর জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার সুপ্রিম কোর্টে জমা দেয় রাষ্ট্রপক্ষ।
আগামী ৪ নভেম্বর এ মামলার শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৯০০ ঘ.
bdnews24