হবিগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’দলের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে শুক্রবার এ সংঘর্ষে আহত ১৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন জাহেদ মিয়া (৪০), মদরিছ মিয়া (২৮), টেনু মিয়া (৩৮), মুজিবুর রহমান (৪০), নানু মিয়া (৫০), ইসমাইল মিয়া (৫৫), সাবাজ মিয়া (২২), সুজন মিয়া (১৮), আজিজুর রহমান (১৬), হাবিবুর রহমান (৪০), আইয়ূব আলী (৪৫), মোহন মিয়া (২৮), হাকিম উল্লাহ (৫০) ও আব্দুল কাদির (৬৫)।
স্থানীয়দের বরাত দিয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, গ্রামের একটি সেচ প্রকল্প নিয়ে আসাবুর রহমান (৩০), আবুল হোসেন (৫০) ও রৌশন উল্লাহ’র সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে সকাল ৭টায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ টেটা, ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24