সাভার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে অটোরিকশা ছিনতাইয়ের সময় এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক রবিউল ইসলাম (৩০) রংপুর জেলার পীরগঞ্জ থানার গঙ্গারচড়া গ্রামের মহব্বত আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল নামক স্থান থেকে তাকে আটক করেছে।
এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার (ডিজিএফআই) সৈনিকের একটি পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করে পুলিশ। এছাড়া তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সাভার মডেল থানার এসআই এমদাদুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভারের হেমায়েতপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে (ঢাকা মেট্রো-দ-১১-২২১৩) তিন মোটরসাইকেল আরোহী র্যাব পরিচয় দিয়ে থামতে বলে।
কিন্তু অটোরিকশাচালক তাদের নির্দেশ উপেক্ষা করে সাভারের দিকে আসতে থাকলে তারা অটোরিকশাকে ধাওয়া করে জোরপুলে এসে ধরে ফেলে। তারা চালকের কাছ থেকে চাবি কেড়ে নিতে গেলে ধস্তাধস্তির সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে।
পরে খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে এসে র্যাব পরিচয় দেওয়া রবিউলকে আটক করলেও তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
এমদাদুল জানান, বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে রবিউলের চাকরি চলে বলে যায় জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।
এর পর থেকে রবিউল নিজেকে কখনো র্যাব, ডিবি পুলিশ আবার কখনও ডিজিএফআই পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল।
তার চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই জানান।
এ ঘটনায় শুক্রবার সকালে অটোচালক সোহেল বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৬১৬ ঘ.
bdnews24