২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুদেশের মানুষের মিলনমেলা বসেছিলো সিলেটের বিয়ানীবাজারের বড়গ্রাম সীমান্তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

সিলেট, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুদেশের মানুষের মিলনমেলা বসেছিলো সিলেটের বিয়ানীবাজারের বড়গ্রাম সীমান্তে। আর এর মধ্য দিয়ে দু’দেশের সীমান্ত সুরক্ষা প্রক্রিয়ায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে আস্থা ও সৌহার্দ্য বাড়বে বলে আশা প্রকাশ করেছেন দু’দেশের শীর্ষ কর্মকর্তারা। গত ফেব্রুয়ারিতে ভারতের করিমগঞ্জে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচের পর বৃহস্পতিবার বিকেলে বড়গ্রাম সীমান্তে বিজিবি সিলেট সেক্টর আয়োজন করে এ প্রীতি ম্যাচের। এ ম্যাচে বিএসএফ শিলচর সেক্টর ও বিজিবি সিলেট সেক্টরের খেলোয়াড়রা অংশ নেন। এ আয়োজনকে কেন্দ্র করে বড়গ্রাম সীমান্ত এলাকার সুতারকান্দি আইসিপি সংলগ্ন মাঠকে সাজানো হয় বর্ণিল সাজে। ব্যানার, ফেস্টুন ও সাংস্কৃতিক আয়োজন আর দেশি-বিদেশী দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে এই সীমান্ত জনপদ। বিকাল ৩টায় বিএসএফ শিলচর সেক্টরের ডিআইজি ইউ সি হাজারিকার নেতৃত্বে ২০ সদস্যের একটি দল, ১৫ খেলোয়াড় ও শতাধিক ভারতীয় নাগরিক সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এসময় বিজিবির পক্ষ থেকে অতিথিদের গার্ড অব অনার দেয়া হয়। বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান সাংবাদিকদের জানান, বিজিবি-বিএসএফ সৌহার্দ, স¤প্রীতি ও আস্থা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন। ভবিষ্যতে এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিএসএফ শিলচর সেক্টরের কমান্ডার উমেশ চন্দ্র হাজারিকা সাংবাদিকদের জানান, সুন্দর সীমান্ত ব্যবস্থাপনা ও দু’দেশের পরস্পরিক সম্পর্ক উন্নয়নে ভুমিকা রাখছে এ আয়োজন। এর ফলে পারস্পরিক আস্থাও বৃদ্ধি পাচ্ছে। সীমান্তে অপরাধ কমিয়ে আনতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখছে বলে জানান তিনি। প্রীতি ভলিবল ম্যাচে বিজিবি ২-০ সেটে বিএসএফকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল মো. ইকবাল আখতার, বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শফিউল আজম, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১০ ঘ.