২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা এবং তার বাড়ি ভাংচুর হয়েছে, যার জন্য যুবলীগের নিহত এক কর্মীর ভাইকে দায়ী করেছেন এই আওয়ামী লীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা এবং তার বাড়ি ভাংচুর হয়েছে, যার জন্য যুবলীগের নিহত এক কর্মীর ভাইকে দায়ী করেছেন এই আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকায় উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার বাড়িতে হামলা হয়। কিবরিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বলেছেন, তার বাড়ি ছাড়াও একটি বিদ্যালয় এবং আরো তিনটি বাড়িতে একই সময়ে হামলা হয়। কিবরিয়া সাংবাদিকদের বলেন, শহরের জানপুর মহল্লার যুবলীগকর্মী মনিরুজ্জামান রতনের ভাই মানিকের নেতৃত্বে এই হামলা হয়েছে। “হত্যার ঘটনায় মামলার বিষয়ে আলোচনার জন্য মানিক সকালে আমাকে ফোন করে কোর্টে যেতে বলে। আমি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মিটিংয়ে ছিলাম, তাই তাকে স্কুলে আসতে বলি। কিছুক্ষণ পরই মানিকের নেতৃত্বে ৬০/৭০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়।” চেয়ারম্যান বলেন, প্রথমে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে হামলা হয়। এরপর তার বাড়ি, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক এম এ রউফ পাতার বাড়ি এবং জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেলের বাড়িতে হামলা হয়। “স্কুলে তারা আমার ওপর চেয়ার ছুড়ে মারে। প্রধান শিক্ষক ও আমি বাথরুমে ঢুকে আত্মরক্ষা করি। পরে পুলিশ এলে তারা সটকে পড়ে।” খবর পেয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন, সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী হামলার নিন্দা এবং এতে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রতন হত্যার প্রতিবাদে মানববন্ধন মনিরুজ্জামান রতনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী জান্নাত আরা হেনরী, সাবেক ছাত্রনেতা জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম লিমন, কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত রহমান হিরক, সাবেক পৌর কাউন্সিলর ইয়ার আলী ও নিহত রতনের বাবা জহুরুল ইসলাম অংশ নেন। গত ২৩ অক্টোবর বিকালে রতনকে হত্যা করে দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানা পুলিশ বাগবাটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে কামারখন্দ উপজেলার রিপন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৭ ঘ.