ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় ছেলেকে হত্যার অভিযোগে ছোট ছেলের বিচার শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর।
বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এই তারিখ ঠিক করেন।
অভিযুক্ত এটিএম খলিকুজ্জামান কুশলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বড় ভাই এটিএম কামরুজ্জামানকে হত্যার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।
গত ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের পুরানো ঢাকার সূত্রাপুরের বাসায় খুন হন গাড়ি ব্যবসায়ী কবির। সেদিনই সূত্রাপুর থানায় খলিকুজ্জামানকে আসামি করে হত্যা মামলা করেন এটিএম শামসুজ্জামান।
গত ২৫ জুন কুশলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১৫৭ ঘ.
bdnews24