২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ভাগ্নে খুন, খালুকে খুঁজছে পুলিশ

জমিতে পানি দেওয়া নিয়ে ঝগড়ার জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নরসিংদী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিতে পানি দেওয়া নিয়ে ঝগড়ার জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া (২৮) এ গ্রামেরই বাসিন্দা। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের বাসিন্দা জামালের খালু মো. মস্তু মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে মস্তু মিয়া তার ক্ষেতে পানি দেয়ার জন্য জামালের জমির ওপর দিয়ে একটি ড্রেন কাটে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মস্তু মিয়া তার হাতে থাকা চাপাতি দিয়ে জামালকে কুপিয়ে জখম করে। এ সময় জামালকে বাঁচাতে তার বড় ভাই কামাল মিয়া আসলে তিনিও চাপাতির কোপে আহত হন। পরে মস্তু মিয়া পালিয়ে যায় বলে জানান এলাকাবাসী। আহতদের এলাকাবাসী রায়পুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ওসি (তদন্ত) মুমিনুল ইসলাম জানান, পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মস্তু মিয়াকে ধরার জন্য পুলিশ অভিযানে নেমেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৮ ঘ.