ফরিদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়
দায়ের কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার দাড়িয়ার মাঠ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের এক ভাতিজাকে আটক করা হয়েছে, যাকে পুলিশ মাদকাসক্ত বলে দাবি করেছে।
নিহত শেখ মোহন (৭০) ওই গ্রামেরই বাসিন্দা। আটক আজাদ শেখ (২৮) মোহনের ভাই শামসু শেখের ছেলে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
“দুপুর সাড়ে ১২ টার দিকে সে তার চাচী শাহিদা বেগমের কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে দা দিয়ে কোপাতে থাকে।”
“এ সময় শাহিদার চিৎকার শুনে আজাদের দুই চাচা শেখ মোহন ও শেখ আউয়াল ছুটে এসে আসেন। আজাদ তাদেরও কুপিয়ে জখম করে।”
পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে শেখ মোহন মারা যান। শেখ আউয়াল ও শাহিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আজাদকে ধরে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।
এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৭ ঘ.
bdnews24