ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীকে দোররা মারা ও তাকে সপরিবারে এলাকা ছাড়ার ঘটনায় বাগেরহাট জেলার কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ জনকে তলব করেছে হাই কোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস এই আদেশ দেন।
ওই ঘটনায় ভূমিকা ব্যাখ্যা করতে তলবকৃতদের আগামী ৮ নভেম্বর সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। তলব করা অন্য বিবাদীরা হলেন মঘিয়া ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. মঞ্জুর, ইউপি সদস্য দুলাল, শেফালী, চৌকিদার শ্রীবাস।
এক নারীকে দোররা মারার ঘটনায় সালিশকারী চেয়ারম্যান মাওলানা মো. মঞ্জুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছে আদালত।
একইসঙ্গে ওই ঘটনায় সালিশে উপস্থিত বিবাদীদের বিরুদ্ধে দ-বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণে অন্য বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাগেরহাট জেলার পুলিশ সুপার, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মঘিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. মঞ্জুর, ইউপি সদস্য দুলাল, শেফালী, চৌকিদার শ্রীবাসকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২০ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘দোররায় ক্ষতবিক্ষত নাজিরপুরের নিলুফা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী মঙ্গলবার রিট আবেদনটি দায়ের করেন।
প্রতিবেদনে বলা হয়, দোররা মারার তিন দিন পর গত ১৪ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চর সোনাকুর গ্রামের বসতভিটা থেকে নির্যাতিতা নিলুফা, তার স্বামী ও তিন সন্তানকে তাড়িয়ে দেয় সালিশকারীরা।
“ঘটনার দিন বাড়ি ফেরার পথে রাস্তায় এক আত্মীয়ের সঙ্গে কথা বলায় তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন স্থানীয় মঘিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. মঞ্জুর।”
এতে আরো বলা হয়, সালিশে ইউপি সদস্য দুলাল, শেফালী, স্থানীয় মোড়লসহ কয়েকশ’ মানুষের সামনে চেয়ারম্যান মঞ্জুর নিলুফাকে ৪০ বার দোররা মারার শাস্তি দেন। চেয়ারম্যানের হুকুমে চৌকিদার শ্রীবাস ও চেয়ারম্যান নিজে দোররা মারেন। এ সময় নিলুফা যন্ত্রণায় চিৎকার করলে চৌকিদার শ্রীবাস ও সালেক মাতুব্বর তার মুখ চেপে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, বিষয়টি যাতে বেশিদূর না গড়ায় সেজন্য পরবর্তী তিন দিন লোক দিয়ে পাহারা বসিয়ে স্বামী-সন্তানসহ নিলুফাকে নিজ বাড়িতেই বন্দি করে রাখা হয়। তাড়িয়ে দেওয়ার পর নিলুফা স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার যুগিয়া গ্রামে আসলে ঘটনাটি জানাজানি হয়।
স্ব-প্রণোদিত এক রুলের পূর্ণ শুনানি করে ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়।
ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। ২০১১ সালের ১২ মে এই আপিলের শুনানি শেষ করে তৎকালীণ প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ রায় দেয়।
ওই রায়ে ধর্মীয় বিষয়ে ফতোয়াকে বৈধতা দিলেও এর মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়।
রায়ে আরো বলা হয়, ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যেতে পারে, তবে যথাযথ শিক্ষিত ব্যক্তি তা দিতে পারবে। আর ফতোয়া গ্রহণের বিষয়টি হতে হবে স্বতস্ফূর্ত। এর মাধ্যমে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। এমন কোনো ফতোয়া দেওয়া যাবে না, যা কারো অধিকার ক্ষুন্ন করে।
প্রাকাশ্য আদালতে ঘোষিত ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখানো বের হয়নি।
ফতোয়া নিয়ে হাই কোর্টের আরো একটি রায় রয়েছে। ২০১০ সালের ৮ জুলাই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের দেওয়া ওই রায়ে ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৫৩ ঘ.
bdnews24