২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিমনের মামলা নিয়ে ডিসির প্রস্তাব দুরভিসন্ধিমূলক’

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনের মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকের ‘আপস’ প্রস্তাবকে ‘প্রহসন ও দুরভিসন্ধিমূলক’ আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনের মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকের ‘আপস’ প্রস্তাবকে ‘প্রহসন ও দুরভিসন্ধিমূলক’ আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিমনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ নিঃশর্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা। এছাড়া লিমনকে গুলি করার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে টিআইবি। গত মঙ্গলবার ঝালকাঠীর জেলা প্রশাসক লিমন হত্যাচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার মা হেনোয়ারা বেগমকে নারাজি আবেদন প্রত্যাহারের প্রস্তাব দেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। এতে আরো বলা হয়, প্রস্তাবে রাজি হলে লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা দুটি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। গত বছরের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হন উচ্চ মাধ্যমিকের ছাত্র লিমন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে; যদিও র‌্যাব বলছে, লিমনসহ তার পুরো পরিবারই সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট। র‌্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পর লিমনের মা হত্যাচেষ্টার অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। লিমনের মায়ের মামলায় র‌্যাব সদস্যদের অব্যাহতি দিয়ে গত ১৪ অগাস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ওই প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা গত ৩০ অগাস্ট আদালতে নারাজি আবেদন করেন। ১৭ অক্টোবর নারাজি আবেদনের ওপর শুনানি হয়। আগামী ১২ ডিসেম্বর আবেদনের ওপর বিচারকের আদেশ দেয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১১০ ঘ.